ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক বলে জানা গেছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের আড়ুয়ার মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরিশালের হিজলা উপজেলার সালাউদ্দিন হাওলাদার এবং পটুয়াখালীর তুষখালী এলাকার আরিফুর রহমান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সালাউদ্দিন হাওলাদার ও আরিফুর রহমান একটি মোটরসাইকেলে করে ঢাকা থেকে বরিশালের দিকে যাচ্ছিলেন। পথে আড়ুয়ার মাঠ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দশমিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ বাসটি আটক করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

