মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব গাড়াখোলা গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়া (৮৯) মারা গেছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নিজ বাড়িতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টায় মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়। পরে জানাজা শেষে তাঁর মরদেহ গ্রামের বাড়ি বোয়ালমারী উপজেলার বেড়াদি গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
রাষ্ট্রীয় মর্যাদা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। মধুখালী থানার উপপরিদর্শক (এসআই) মো. মোক্তার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়াকে গার্ড অব অনার প্রদান করে।
এ সময় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের স্থানীয় বীর মুক্তিযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন স্থানীয় বীর মুক্তিযোদ্ধা ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

