নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) স্কুল অব বিজনেসের উদ্যোগে পিএইচডি গবেষণা সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসের আইসিটি সেমিনার রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে পিএইচডি গবেষকরা তাঁদের চলমান গবেষণার বিষয়বস্তু, তাত্ত্বিক কাঠামো, গবেষণা পদ্ধতি ও প্রস্তাবিত বিশ্লেষণধারা উপস্থাপন করেন।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম। তিনি বলেন, উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পিএইচডি ডিগ্রি কার্যক্রম বাউবির একটি গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী উদ্যোগ। মানসম্মত গবেষণার মাধ্যমে নতুন জ্ঞান সৃষ্টি এবং জাতীয় উন্নয়নে গবেষণালব্ধ ফলাফল কার্যকরভাবে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অধ্যাপক ড. মুহাম্মদ সিরাজুল ইসলাম গবেষণার গুণগত মান নিশ্চিত করা, বাস্তবভিত্তিক গবেষণা পরিচালনা এবং গবেষণালব্ধ জ্ঞান দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে প্রয়োগের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
সেমিনারে সভাপতিত্ব করেন পিএইচডি সেমিনার কমিটির আহ্বায়ক ও বাউবির স্কুল অব বিজনেসের ডিন প্রফেসর ড. মো. মঈনুল ইসলাম।
বিষয় বিশেষজ্ঞ হিসেবে উপস্থিত ছিলেন ড. এম. একরামুল হক, আইএসইউ, আইইউবি, ঢাকার প্রফেসর ড. মোহাম্মদ নজরুল ইসলাম এবং বাউবির স্কুল অব বিজনেসের অধ্যাপক ড. শাহীন আহমেদ।
সেমিনারে পিএইচডি গবেষক মো. নুরুল ইসলাম খান তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণার শিরোনাম “Mediating Role of Organisational Culture in the Relationship Between Human Resource Management Practices and Job Satisfaction in the Private Banks of Bangladesh”।
অপর পিএইচডি গবেষক মো. সাইফুল আলম তাঁর গবেষণাপত্র উপস্থাপন করেন। তাঁর গবেষণার শিরোনাম “Mediating Role of Buying Behavior on the Relationship between Generic Strategies and Organisational Performance in the Beverage Industry of Bangladesh”।
সেমিনারে স্কুল অব বিজনেসের শিক্ষক ও বিভিন্ন বিষয়ে গবেষণারত ফেলোরা উপস্থিত ছিলেন। বিষয় বিশেষজ্ঞ ও শিক্ষকরা গবেষণার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এসব পরামর্শ গবেষণাকর্মকে আরও সমৃদ্ধ, সুসংগঠিত ও পদ্ধতিগতভাবে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
সংশ্লিষ্টরা জানান, বাউবির স্কুল অব বিজনেসের উদ্যোগে আয়োজিত এ ধরনের পিএইচডি গবেষণা সেমিনার গবেষকদের গবেষণাকর্মের অগ্রগতি মূল্যায়ন, একাডেমিক মতবিনিময় এবং মানসম্মত গবেষণা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ে গবেষণাভিত্তিক জ্ঞানচর্চা ও উচ্চশিক্ষার পরিবেশকে আরও সমৃদ্ধ করবে।

