Nabadhara
ঢাকামঙ্গলবার , ৮ সেপ্টেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে কেয়া গ্রুপে ছাঁটাই, অনিশ্চয়তায় ৬২৭ শ্রমিক

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
সেপ্টেম্বর ৮, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের কোনাবাড়ীর জরুন এলাকায় অবস্থিত কেয়া গ্রুপের চারটি প্রতিষ্ঠানের ৬২৭ শ্রমিক ও কর্মচারীকে ছাঁটাই করেছে কর্তৃপক্ষ। দীর্ঘদিন ধরে কারখানাগুলো লে-অফ থাকায় এমনিতেই আর্থিক সংকটে থাকা শ্রমিকরা নতুন করে অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।

ছাঁটাই করা প্রতিষ্ঠানগুলো হলো—কেয়া নিট কম্পোজিট ডিভিশন, কেয়া স্পিনিং ডিভিশন, কেয়া কটন ডিভিশন ও কেয়া ইয়ার্ন মিলস লিমিটেড।

সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারখানার প্রধান ফটকে ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের নামের তালিকা সাঁটিয়ে দেওয়া হয়। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তালিকায় নাম থাকা শ্রমিক-কর্মচারীরা কারখানার প্রধান ফটকে ভিড় করেন। হঠাৎ চাকরি হারানোর ঘটনায় অনেকের মধ্যে উদ্বেগ ও চাপা ক্ষোভ দেখা যায়।

কারখানা কর্তৃপক্ষের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকের স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, ব্যাংকিং জটিলতা, গ্যাস বিল পরিশোধ না করায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকা এবং প্রয়োজনের তুলনায় অতিরিক্ত জনবল থাকায় উৎপাদন ও প্রশাসনিক ব্যয় কমানোর লক্ষ্যে বিভিন্ন সেকশন, বিভাগ ও ডিভিশনের কিছু পদ বিলুপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নোটিশে আরও বলা হয়, বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২০ ধারা অনুযায়ী অতিরিক্ত শ্রমিক ও কর্মচারীদের ৮ সেপ্টেম্বর থেকে ছাঁটাইয়ের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ছাঁটাই হওয়া শ্রমিক-কর্মচারীদের আইন অনুযায়ী প্রাপ্য পাওনাদি পরিশোধ করা হবে বলেও জানানো হয়।

এ ছাড়া ভবিষ্যতে কারখানায় নতুন করে শ্রমিক-কর্মচারী নিয়োগের প্রয়োজন হলে বাংলাদেশ শ্রম আইন, ২০০৬-এর ২১ ধারা অনুযায়ী ছাঁটাই হওয়া দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এদিকে যেসব শ্রমিক-কর্মচারীর চাকরি বহাল রয়েছে, তারাও লে-অফ নোটিশের আওতায় থাকবেন বলে জানানো হয়েছে। তারা আইন অনুযায়ী লে-অফকালীন প্রাপ্য সুবিধা বা বেনিফিট পাবেন। ছাঁটাই প্রক্রিয়ার আওতাভুক্ত শ্রমিক-কর্মচারীদের নাম ও পদবির তালিকাও নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

কেয়া গ্রুপের মানবসম্পদ বিভাগের ব্যবস্থাপক সাবিনা ইয়াসমিন বলেন, “ছাঁটাই করা শ্রমিক-কর্মচারীদের ৩০ কর্মদিবসের মধ্যে শ্রম আইন অনুযায়ী সব পাওনাদি পরিশোধ করা হবে।”

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, “কেয়া গ্রুপ কর্তৃপক্ষ কিছু শ্রমিককে ছাঁটাইয়ের নোটিশ দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কারখানার প্রধান ফটকে শিল্প পুলিশের পাশাপাশি জিএমপি পুলিশ মোতায়েন করা হয়েছে।”

কারখানা-সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরেই কেয়া গ্রুপের কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমে স্থবিরতা চলছে। গত ৬ জুন থেকে ব্যাংকিং জটিলতা ও গ্যাস বিল পরিশোধ করতে না পারায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকার কারণ দেখিয়ে কারখানায় লে-অফ ঘোষণা করা হয়। পরে কয়েক দফায় লে-অফের মেয়াদ বাড়ানো হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

দীর্ঘ সময় কারখানা বন্ধ বা লে-অফ অবস্থায় থাকার পর এবার ৬২৭ শ্রমিক-কর্মচারীকে ছাঁটাইয়ের সিদ্ধান্তে তাদের অনিশ্চয়তা আরও বেড়েছে। শ্রমিকদের কয়েকজন জানান, দীর্ঘদিন ধরে কারখানা লে-অফ থাকায় তারা আর্থিক সংকটে রয়েছেন। এর মধ্যে ছাঁটাইয়ের সিদ্ধান্ত তাদের সংকট আরও বাড়িয়ে দিয়েছে। আইন অনুযায়ী পাওনাদি দ্রুত পরিশোধ এবং ভবিষ্যতে কারখানা চালু হলে দক্ষ শ্রমিকদের অগ্রাধিকার ভিত্তিতে পুনর্বহালের দাবি জানান তারা।

মঙ্গলবার সকালে কারখানার প্রধান ফটকে ছাঁটাইকৃত শ্রমিকদের ভিড় দেখা গেলেও বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারখানা এলাকায় শিল্প পুলিশ ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

কর্তৃপক্ষের ভাষ্য, বর্তমান আর্থিক ও উৎপাদন পরিস্থিতিতে ব্যয় কমানো এবং প্রতিষ্ঠানকে টিকিয়ে রাখার স্বার্থেই জনবল কাঠামো পুনর্বিন্যাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংকট কাটিয়ে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হলে ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী শ্রমিক নিয়োগের সুযোগ তৈরি হতে পারে।

তবে একসঙ্গে ৬২৭ শ্রমিক-কর্মচারী ছাঁটাইয়ের ঘটনায় কেয়া গ্রুপের শ্রমিকদের মধ্যে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘদিনের লে-অফ পরিস্থিতির পর এই ছাঁটাই শিল্পাঞ্চলের শ্রমিকদের মধ্যেও উদ্বেগ সৃষ্টি করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।