ফরিদপুর প্রতিনিধি
ফরিদপুরে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে করিমপুর হাইওয়ে থানার সামনে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফরিদপুর শহরতলির কানাইপুর এলাকার করিমপুর হাইওয়ে থানার সামনে ‘পূর্বাশা পরিবহন’-এর একটি বাস পার্কিং করে রাখা ছিল। রাতের দিকে হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন দাউদাউ করে জ্বলতে থাকলে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈই জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে প্রাথমিকভাবে কীভাবে বা কার মাধ্যমে বাসটিতে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত অবস্থায় পরিত্যক্তভাবে রাখা একটি বাসে হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

