মো. মিজানুর রহমান, কালকিনি ও ডাসার প্রতিনিধি
‘আজকের শিশু আগামীর প্রাণ, একটি চারা গাছ পৃথিবীর নতুন প্রাণ’—এই স্লোগানকে সামনে রেখে মাদারীপুরের কালকিনিতে নবজাতকদের মাঝে গাছের চারা উপহার দেওয়া হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ও কালকিনি পৌরসভার অর্থায়নে বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিতে আসা নবজাতকদের পরিবারের হাতে একটি করে গাছের চারা তুলে দেওয়া হয়। এ উদ্যোগের মাধ্যমে নবজাতকের জন্মের সঙ্গে একটি করে গাছ রোপণের বার্তা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নবজাতকদের পরিবারের হাতে গাছের চারা তুলে দেন কালকিনি পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাশ।
এ সময় উপস্থিত ছিলেন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সাইদুল বাশার, কালকিনি খিদমা হাসপাতালের পরিচালক আনিস মোল্লা, যুবদল নেতা মুভিন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা।
আয়োজকরা জানান, নবজাতকের জন্মকে স্মরণীয় করে রাখার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

