দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার কুন্ডুপাড়া এলাকায় নিম্নমানের নির্মাণসামগ্রী দিয়ে সড়ক নির্মাণের অভিযোগের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন বাংলা টিভির উপজেলা প্রতিনিধি ও কুমারখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল আহসান উল্লাস। শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, কুন্ডুপাড়ায় পৌর সড়কের নির্মাণকাজে অনিয়ম ও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান সাংবাদিক উল্লাস। এ সময় কুষ্টিয়া-৪ আসনের সংসদ সদস্য আফজাল হোসেনের ছেলে শোভন, এমপির চাচাতো ভাই আনোয়ার ও তার দেহরক্ষী পরিচয়দানকারী রুহুলের নেতৃত্বে একদল লোক তার ওপর চড়াও হয়ে এলোপাতাড়ি মারধর করেন বলে অভিযোগ উঠেছে। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে সহকর্মী সাংবাদিক ও পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করেন।
এ বিষয়ে কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক ফারজানা আখতার বলেন, পৌর সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগে আগেই ঠিকাদারি প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে কাজ বন্ধ রাখতে বলা হয়েছিল। এরপরও কাজ চলমান থাকায় তিনি নিজে ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দেন। তিনি চলে আসার পরপরই সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটে।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন বলেন, সংবাদ সংগ্রহের সময় বাকবিতণ্ডার একপর্যায়ে হামলার ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করলেও পুলিশের সংখ্যা কম থাকায় পুরোপুরি ঠেকানো সম্ভব হয়নি। ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে এবং মামলার প্রক্রিয়া চলছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে।
এদিকে, সাংবাদিকের ওপর হামলার ঘটনায় কুষ্টিয়ার গণমাধ্যমকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতারা হামলায় সরাসরি জড়িতদের পাশাপাশি ঘটনার পেছনে কেউ ইন্ধন দিয়ে থাকলে তাকেও আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন।

