কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি
চাঁদপুরের কচুয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ঘরে থাকা স্বর্ণালংকারসহ আসবাবপত্র ও মূল্যবান মালামাল পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের পূর্বপাড়া জিন্নাত আলী ডাক্তার বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত বসতঘরটি জিন্নাত আলী ডাক্তারের ছেলে কামাল হোসেনের।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেল ৩টার দিকে হঠাৎ বসতঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন বাড়ির লোকজন। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। পরে আশপাশের লোকজন ছুটে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে ঘরে থাকা স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
স্থানীয়রা জানান, আগুন নিয়ন্ত্রণে আসার প্রায় ২০ মিনিট পর কচুয়া ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছান।
স্থানীয়দের ভাষ্য, ওই বসতঘরে মসজিদের ইমাম মাওলানা সাইফুল ইসলাম পরিবার নিয়ে ভাড়া থাকতেন। তার স্ত্রী পাঁচ দিন আগে বাবার বাড়িতে চলে যান। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ক্ষতিগ্রস্ত কামাল হোসেন বলেন, আগুনে তার বসতঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। স্বর্ণালংকারসহ ঘরে থাকা মূল্যবান মালামাল পুড়ে যাওয়ায় প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।

