কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কমিউনিটি এনগেজমেন্ট সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় জাতিসংঘের জনসংখ্যা তহবিল (UNFPA)-এর অর্থায়নে পরিচালিত ‘গ্লোবাল প্রোগ্রাম টু এন্ড চাইল্ড ম্যারেজ (GPECM-III)’ প্রকল্পের আওতায় গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয়ের হলরুমে এ সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
গোয়ালমাঠ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাশেমের সঞ্চালনায় এবং বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ডাকুয়া অলিউর রসূল জামিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. হাসিবুর রহমান।
বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাড়িপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সরদার রেজাউল হোসেন চল, অভিভাবক সদস্য ও সমাজসেবক সরদার আব্দুস সালাম, চিকিৎসক তানিয়া তনিমা তনু, ঘটক সুরত আলী শেখ, কাজী মোহাম্মদ নূর ইসলাম, শিক্ষার্থী তানজিকা তাসমিন অধরা, পুরোহিত সুজন কুমার ব্যানার্জি, প্রধান শিক্ষক মো. রুহুল আমিন, প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, শিক্ষক শাহিনা আক্তার, গ্রাম পুলিশ মিন্টু দাসসহ স্থানীয় স্বাস্থ্যকর্মীরা।
সভায় বক্তারা বলেন, বাল্যবিয়ে একটি সামাজিক ব্যাধি। এটি কিশোরীদের শিক্ষাজীবন ও শারীরিক বিকাশ ব্যাহত করার পাশাপাশি তাদের স্বাস্থ্যকে ঝুঁকির মধ্যে ফেলে। বাল্যবিয়েমুক্ত সমাজ গঠনে শুধু আইন প্রয়োগ যথেষ্ট নয়; অভিভাবক, শিক্ষক, ধর্মীয় প্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজকে সম্মিলিতভাবে সচেতন ভূমিকা পালন করতে হবে।
বক্তারা আরও বলেন, প্রতিটি শিক্ষার্থী যেন নির্ভয়ে শিক্ষাজীবন সম্পন্ন করতে পারে, সে বিষয়ে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সাংবাদিক, ধর্মীয় নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভা শেষে বাল্যবিয়েকে ‘না’ বলার শপথ গ্রহণের মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি হয়।
এ ছাড়া একই দিনে গোয়ালমাঠ রসিকলাল মাধ্যমিক বিদ্যালয়সহ কচুয়া উপজেলার ছয়টি বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে একই ধরনের সচেতনতামূলক সভা ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

