দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানার অধীন পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পে রাতের খাবার খেয়ে উপপরিদর্শক (এসআই), সহকারী উপপরিদর্শক (এএসআই)সহ অন্তত ১০ পুলিশ সদস্য অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েছেন। তাদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাতে পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা খাবার খাওয়ার কিছুক্ষণ পর একে একে মাথা ঘোরা, বমি বমি ভাব, পেট ব্যথা ও ঝিমুনিসহ বিভিন্ন শারীরিক সমস্যায় আক্রান্ত হন। পরে ক্যাম্পের ইনচার্জ এসআই মনিরুজ্জামান ও এএসআই শরিফুল ইসলামসহ প্রায় ১০ জন সদস্য অচেতন হয়ে পড়েন।
পরে আশপাশের লোকজন ও ক্যাম্পের অন্য সদস্যরা তাদের উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। জরুরি বিভাগে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাদের বিভিন্ন ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসপাতালের মেডিসিন বিভাগের ইউনিট প্রধান চিকিৎসক রেজাউল ইসলাম বলেন, অসুস্থ পুলিশ সদস্যদের হাসপাতালে আনার পর দ্রুত চিকিৎসা শুরু করা হয়েছে। এটি খাদ্য বিষক্রিয়া নাকি খাবারে কোনো বিষাক্ত বা চেতনানাশক পদার্থ মেশানোর কারণে হয়েছে, তা পরীক্ষা-নিরীক্ষার পর নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
চিকিৎসাধীন পুলিশ সদস্যরা হলেন—এসআই মনিরুজ্জামান, এএসআই শরিফুল ইসলাম, কনস্টেবল আমিরুল ইসলাম, মুকতার হোসেন, মোহাম্মদ আমিন, আমিনুল ইসলাম, কামরুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম ও মনিরুল ইসলাম।
ঘটনার খবর পেয়ে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে গিয়ে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এদিকে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। খাদ্য বিষক্রিয়া নাকি খাবারে কোনো চেতনানাশক বা অন্য কোনো পদার্থ মেশানো হয়েছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এরই মধ্যে ক্যাম্পের রান্নাঘরের থালা-বাসন ও খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। একই সঙ্গে রান্নার দায়িত্বে থাকা বাবুর্চি ও সংশ্লিষ্টদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

