আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে হাটকালুপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. সিরাজুল ইসলাম চঞ্চল মাস্টারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বান্দাইখাড়া এলাকা থেকে নওগাঁ সদর মডেল থানা ও আত্রাই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার সিরাজুল ইসলাম চঞ্চল মাস্টার উপজেলার বান্দাইখাড়া গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে। তিনি বান্দাইখাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বান্দাইখাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গত ৩ আগস্ট ২০২৪ সালে নওগাঁয় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনকারীদের ওপর ককটেল বিস্ফোরণ, গুলিবর্ষণ ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে নওগাঁ সদর মডেল থানায় দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
নওগাঁ জেলার চকমুক্তার এলাকার আজাহার আলীর ছেলে মো. আল আমিন বাদী হয়ে মামলাটির এজাহার দায়ের করেন। পরে এটি নওগাঁ সদর মডেল থানার মামলা নম্বর-১২, তারিখ ১০ অক্টোবর ২০২৪ হিসেবে নথিভুক্ত হয়।
১৮৬০ সালের দণ্ডবিধি ও ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলী আইনের ধারায় দায়ের করা ওই মামলায় সিরাজুল ইসলাম চঞ্চলকে ১৯৪ নম্বর আসামি করা হয়েছে।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানা ও আত্রাই থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। তিনি নওগাঁ সদর মডেল থানার এজাহারনামীয় আসামি। গ্রেপ্তারের পর আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

