নড়াইল প্রতিনিধি
নড়াইলের কালিয়ায় জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত ইটভাটা মালিকদের সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বিশ্বাস নওশের আলীকে সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলামকে সাধারণ সম্পাদক ও রাজিব সাহাকে কোষাধ্যক্ষ করে ১২ সদস্যবিশিষ্ট নতুন উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে কালিয়া পৌর কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন নড়াগাতি থানার ইটভাটা মালিক সমিতির সদস্য বিশ্বাস নওশের আলী। প্রধান অতিথি ছিলেন নড়াইল জেলা ইটভাটা মালিক সমিতির সভাপতি রেজাউল আলম। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কোষাধ্যক্ষ মো. কুশল। সভা পরিচালনা করেন কালিয়া উপজেলা ইটভাটা মালিক সমিতির মল্লিক মো. মনিরুল ইসলাম।
সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে বিশ্বাস নওশের আলী সভাপতি, মল্লিক মো. মনিরুল ইসলাম সাধারণ সম্পাদক এবং রাজিব সাহা কোষাধ্যক্ষ নির্বাচিত হন।
সভায় জানানো হয়, জিকজ্যাক পদ্ধতিতে পরিচালিত এবং জ্বালানি হিসেবে কয়লা ব্যবহার করে ইট উৎপাদনকারী ভাটার মালিকদের নিয়ে সমিতির কার্যক্রম পরিচালিত হবে। কয়লা ছাড়া অন্য জ্বালানি ব্যবহারকারী ইটভাটা মালিকদের এ সমিতির অন্তর্ভুক্ত করা হবে না।
সভায় বক্তারা সরকারি সবুজ বনায়ন কর্মসূচির লক্ষ্য বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে গাছপালা উজাড় করে কাঠ জ্বালানি হিসেবে ব্যবহারকারী ব্যারেল ভাটা বন্ধে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।

