গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদীতে পূর্বশত্রুতার জের ধরে এক কৃষকের গোয়ালঘরে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। আগুনে একটি গর্ভবতী গাভী, তিনটি ছাগল ও আটটি হাঁস মারা গেছে। এতে ওই কৃষকের প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কটকস্থল গ্রামের কৃষক কেরামত মাঝির গোয়ালঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, পূর্বশত্রুতার জের ধরে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে গোয়ালঘরে আগুন ধরিয়ে দিতে পারে বলে তাদের ধারণা। তবে কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করার দাবি জানিয়েছেন তারা।
গৌরনদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মিজানুর রহমান জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই গোয়ালঘরে থাকা গবাদিপশু ও হাঁসের মৃত্যু হয়।
তিনি জানান, অগ্নিকাণ্ডে কৃষক কেরামত মাঝির প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

