মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে শিশু মুসলিমা আক্তার (৭) হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টার দিকে মোল্লাহাট-চিতলমারী সড়কের কচুড়িয়া খা মার্কেট এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, একটি শিশুকে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুড়িয়া খা মার্কেট এলাকায় এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিশু মুসলিমা আক্তার হত্যার বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মুসলিমা আক্তারের বাবা বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান ও তদন্ত চলছে।
উল্লেখ্য, গত শনিবার (২৬ সেপ্টেম্বর) মোল্লাহাট উপজেলার একটি পানবরজের পাশ থেকে মুসলিমা আক্তার (৭) নামে ওই শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।

