এসআই মল্লিক, ঝিনাইদহ
ঝিনাইদহের কালীগঞ্জে বাসের ধাক্কায় আব্দুস সামাদ (৫৯) নামে এক পৌর কর্মচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা-খুলনা মহাসড়কের রেজিস্ট্রি অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুস সামাদ কালীগঞ্জ পৌরসভার আড়পাড়া এলাকায় বসবাস করতেন। তাঁর গ্রামের বাড়ি উপজেলার হাজিপুর-মুন্দিয়া এলাকায়। তিনি কালীগঞ্জ পৌরসভার কসাইখানা পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন। আগামী দুই মাস পর তাঁর অবসরে যাওয়ার কথা ছিল।
প্রত্যক্ষদর্শীরা জানান, আব্দুস সামাদ শহরের বৈশাখী তেলপাম্প এলাকার একটি মাংসের দোকান পরিদর্শন শেষে মোটরসাইকেলযোগে শহরের দিকে ফিরছিলেন। উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসের সামনে পৌঁছালে খুলনা থেকে ছেড়ে আসা রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস পেছন থেকে তাঁর মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
কালীগঞ্জ পৌরসভার প্রকৌশলী মো. কবীর হাচান জানান, প্রতিদিন সকালে আব্দুস সামাদ শহরের মাংসের দোকানগুলো পরিদর্শন করে নির্ধারিত টাকা আদায় করতেন। বৃহস্পতিবারও নিয়ম অনুযায়ী তিনি মাংসের দোকান পরিদর্শনে বের হন। বৈশাখী তেলপাম্প এলাকার একটি দোকান পরিদর্শন শেষে ফেরার পথে বাসের ধাক্কায় তিনি নিহত হন।
তিনি আরও জানান, আগামী দুই মাস পর আব্দুস সামাদের অবসরে যাওয়ার কথা ছিল।

