ওমর ফারুক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর আত্রাইয়ে ছাগলে প্রতিবেশীর শিমগাছের পাতা খাওয়াকে কেন্দ্র করে বিরোধের জেরে প্রতিপক্ষের কিলঘুষিতে ইয়াছিন মণ্ডল (৭৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার মধুগুড়নই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গ্রামের মিম মণ্ডলের (২০) ছাগল প্রতিবেশী ইয়াছিন মণ্ডলের শিমগাছের পাতা খায়। এ নিয়ে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মিম মণ্ডল ইয়াছিনকে উপর্যুপরি কিলঘুষি মারেন। এতে তিনি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
নিহতের পুত্রবধূ সমাপ্তি বেগম বলেন, শ্বশুরের চিৎকার শুনে বাড়ি থেকে বের হয়ে তিনি মিমকে শ্বশুরকে মারধর করতে দেখেন। একপর্যায়ে শ্বশুর জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাঁকে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মরদেহের ময়নাতদন্ত ও মামলার বিষয়ে পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

