শেখ শাহিনুর ইসলাম শাহিন, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
দুয়ারে কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উৎসবকে ঘিরে বাগেরহাটের মোল্লাহাটে মণ্ডপে মণ্ডপে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরির কারিগরদের ব্যস্ততা বেড়েছে। রং-তুলির শেষ আঁচড়ে পূর্ণাঙ্গ রূপ পাচ্ছে দেবী দুর্গাসহ বিভিন্ন দেব-দেবীর প্রতিমা।
চলতি বছর মোল্লাহাট উপজেলায় ৮২টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে বড় গাওলা তেঁতুলতলা সার্বজনীন দুর্গা মন্দিরে একসঙ্গে ১০১টি প্রতিমা স্থাপন করা হচ্ছে, যা এবারের দুর্গোৎসবের বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে।
মণ্ডপটির আয়োজক কমিটির সাধারণ সম্পাদক লেলিন অধিকারী বলেন, “এ বছর মোল্লাহাটে প্রথমবারের মতো আমরা ১০১টি প্রতিমা নির্মাণ করেছি। এখন রঙের কাজ চলছে। আশা করছি, এবার প্রচুর দর্শনার্থী এখানে পূজা দেখতে আসবেন। আগামী বছর আরও বড় পরিসরে আয়োজন করার পরিকল্পনা রয়েছে।”
মন্দিরের ভাস্কর লক্ষণ রায় জানান, ১০১টি প্রতিমা তৈরির কাজ প্রায় শেষ। এখন চলছে রঙের কাজ। তবে প্রতিমা তৈরির উপকরণের দাম বেড়ে যাওয়ায় আগের তুলনায় লাভ কম হচ্ছে। বাপ-দাদার পেশা ধরে রাখতেই এখনও এ কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক কল্লোল বিশ্বাস পলু বলেন, মোল্লাহাটে এবার ৮২টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। বড় গাওলা তেঁতুললা সার্বজনীন দুর্গা মন্দিরে সবচেয়ে বড় আয়োজন করা হয়েছে। মোল্লাহাট সাম্প্রদায়িক সম্প্রীতির উপজেলা উল্লেখ করে তিনি বলেন, আনন্দমুখর পরিবেশে পূজা উদযাপনে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
এদিকে প্রতিমা তৈরির পাশাপাশি মণ্ডপগুলোতে চলছে সাজসজ্জা, আলোকসজ্জা ও সাউন্ড সিস্টেমের প্রস্তুতি। ঢাকের বাদ্য ও উৎসবের নানা আয়োজনে পুরো উপজেলায় তৈরি হয়েছে উৎসবের আমেজ।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদৎ হোসেন বলেন, ৮২টি পূজামণ্ডপের নিরাপত্তায় পুলিশ প্রস্তুত রয়েছে। বিট অফিসারদের মাধ্যমে নিয়মিত টহল ও মণ্ডপ পরিদর্শন করা হচ্ছে। পূজা উদযাপন পরিষদ ও সংশ্লিষ্টদের সঙ্গে একাধিকবার সভা করা হয়েছে। সার্বিক নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।

