খুলনা প্রতিনিধি
খুলনার তেরখাদায় মাদকবিরোধী অভিযান চালিয়ে প্রায় ১০ গ্রাম গাঁজা ও গাঁজা সেবনের সরঞ্জামসহ মো. আকাশ শেখ (২৫) নামে এক যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) সকালে তেরখাদা উপজেলা সদর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। দণ্ডপ্রাপ্ত আকাশ শেখ উপজেলার উত্তরপাড়া গ্রামের দুলু শেখের ছেলে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার একটি দল উপজেলা সদর এলাকায় অভিযান চালিয়ে আকাশ শেখকে গাঁজা ও সেবনের সরঞ্জামসহ আটক করে। পরে তাকে তেরখাদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলার ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
শুনানি শেষে মাদক সেবনের দায়ে আকাশ শেখকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার টাকা জরিমানা করা হয়। রায় ঘোষণার পর তাকে কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খুলনার ইন্সপেক্টর কাজী হাবিবুর রহমান, এসআই মো. আব্দুল হালিমসহ অধিদপ্তরের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

