Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৮ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় ক্রীড়া প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ৮, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুলনা বিভাগীয় পর্যায়ের আন্তঃকলেজ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬। খুলনা বিভাগের ৩৩টি কলেজ থেকে জেলা পর্যায়ে প্রথম স্থান ও স্বর্ণপদক পাওয়া ১ হাজার ১২৬ জন শিক্ষার্থী-অ্যাথলেট এ প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন। তাঁদের মধ্যে ৭৮২ জন ছাত্র ও ৩৪৪ জন ছাত্রী।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও সংস্কৃতিবিষয়ক দপ্তরের আয়োজনে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির অংশ হিসেবে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। ফুটবল, ক্রিকেট, ভলিবল, কাবাডি, সাঁতার ও অ্যাথলেটিকসসহ মোট ৬৬টি ইভেন্টে প্রতিদ্বন্দ্বিতা করছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে খুলনার সরকারি ব্রজলাল (বিএল) কলেজ মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল।

প্রধান অতিথির বক্তব্যে রকিবুল ইসলাম বকুল বলেন, গতানুগতিক শিক্ষা দিয়ে বর্তমান বিশ্বে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে শিক্ষার্থীদের আধুনিক ও দক্ষতাভিত্তিক শিক্ষা গ্রহণ করতে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের দক্ষতাভিত্তিক কোর্স চালুর উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।

তিনি বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার বিকল্প নেই। খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি আত্মবিশ্বাস, শৃঙ্খলা ও প্রতিযোগিতার মানসিকতা তৈরি করে।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষের পড়াশোনায় সীমাবদ্ধ রাখলে তাদের পূর্ণাঙ্গ বিকাশ সম্ভব নয়। খেলাধুলা শিক্ষার্থীদের শৃঙ্খলা, সময়ানুবর্তিতা, দলগতভাবে কাজ করা এবং জয়-পরাজয় মেনে নেওয়ার শিক্ষা দেয়।

তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, সংস্কৃতি ও অন্যান্য সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্ব দিচ্ছে। ‘লার্নিং উইথ হ্যাপিনেস’ কর্মসূচির লক্ষ্য হলো আনন্দের সঙ্গে শেখার এমন পরিবেশ তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ পাবে।

বিএল কলেজের শিক্ষার্থীদের জন্য ল্যাঙ্গুয়েজ ও ক্যারিয়ার ক্লাব গঠনের ঘোষণা দিয়ে উপাচার্য বলেন, আধুনিক বিশ্বের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তুলতে শিক্ষার্থীদের গতানুগতিক পড়াশোনার বাইরে নিয়ে যেতে হবে। এ জন্য ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, এক্সিকিউটিভ এমবিএ ও বিবিএসহ বৈশ্বিক চাহিদাসম্পন্ন নতুন প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “জাতীয় বিশ্ববিদ্যালয়ের সংস্কার না হলে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার প্রকৃত সংস্কার সম্ভব নয়। এই বিশ্ববিদ্যালয়কে পুনর্গঠিত ও মানসম্মত করে তোলাই এখন আমাদের প্রধান লক্ষ্য।”

তিনি আরও জানান, অধিভুক্ত কলেজগুলোতে সোলার প্যানেল স্থাপনের মাধ্যমে গ্রিন ক্যাম্পাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘ওয়ান স্টুডেন্ট, ওয়ান ট্রি’ কর্মসূচির মাধ্যমে ক্যাম্পাসগুলোকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করার কাজ চলছে।

উদ্বোধন ঘিরে সকাল থেকেই সরকারি বিএল কলেজ মাঠে উৎসবের আমেজ ছিল। বিভিন্ন কলেজের শিক্ষার্থী-অ্যাথলেট, শিক্ষক ও ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য দেখা যায়।

তিন দিনব্যাপী এ প্রতিযোগিতা আগামী ১০ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে। বিভিন্ন ইভেন্টে বিভাগীয় পর্যায়ে প্রথম হয়ে স্বর্ণপদক পাওয়া শিক্ষার্থীরা পরবর্তী সময়ে জাতীয় পর্যায়ের চূড়ান্ত ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু, সংসদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ ও অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। স্বাগত বক্তব্য দেন সরকারি ব্রজলাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক সাইফুল ইসলাম।

এ ছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের পরিচালক, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট কলেজের শিক্ষক-কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।