নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের শ্রীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রকাশ্যে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। সোমবার (২৩ নভেম্বর) ভোরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান মাওনা চৌরাস্তায় প্রায় ২৫ মিনিট ধরে এ কর্মসূচি পালিত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির মধ্যে কীভাবে এমন কর্মসূচি অনুষ্ঠিত হলো, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, শ্রীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাজীপুর জেলা আওয়ামী লীগের নেতা আব্দুল জলিলের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিল ও পথসভায় দুই শতাধিক নেতাকর্মী অংশ নেন। সকাল ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত চলা এ কর্মসূচিতে তাঁরা বিভিন্ন স্লোগান দেন।
প্রত্যক্ষদর্শী ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ভোরের ঘন কুয়াশার মধ্যে মাওনা চৌরাস্তার উড়ালসেতুর উত্তর পাশ থেকে মিছিলটি শুরু হয়। পরে উড়ালসেতুর দক্ষিণ পাশে গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য দেন মাওনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকনসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। বক্তব্যে আব্দুল জলিল কুয়াশা উপেক্ষা করে কর্মসূচিতে অংশ নেওয়ায় নেতাকর্মীদের ধন্যবাদ জানান।
জানা গেছে, আওয়ামী লীগের পক্ষ থেকে ২০ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে শ্রীপুরে এ বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
গুরুত্বপূর্ণ মহাসড়কের ব্যস্ততম মাওনা চৌরাস্তায় প্রকাশ্যে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান তৎপরতা কেন দেখা যায়নি, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে। বিশেষ করে সকাল ৬টা থেকে ৬টা ২৫ মিনিট পর্যন্ত কর্মসূচি চলাকালে পুলিশের অবস্থান ও ভূমিকা কী ছিল, তা জানতে চাইছেন অনেকে।
শ্রীপুর থানা পুলিশের পাশাপাশি গাজীপুর জেলা পুলিশেরও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও প্রয়োজনীয় নজরদারির দায়িত্ব রয়েছে। এ অবস্থায় জেলার গুরুত্বপূর্ণ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ একটি রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীদের এমন প্রকাশ্য কর্মসূচি পুলিশের নজরদারির বাইরে ছিল কি না, তা নিয়েও আলোচনা চলছে।
একাধিক সূত্রের দাবি, মিছিল ও পথসভায় অংশ নেওয়া কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে। তবে এসব মামলার বিস্তারিত তথ্য এবং তাঁদের কারও বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর আলম জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।
তবে মিছিল ও পথসভা সম্পর্কে আগে থেকে কোনো গোয়েন্দা তথ্য ছিল কি না, কর্মসূচি চলাকালে পুলিশের কোনো দল ঘটনাস্থলে ছিল কি না এবং পরবর্তী সময়ে কী পদক্ষেপ নেওয়া হয়েছে—এসব বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি। গাজীপুরের পুলিশ সুপার মো. জসিম উদ্দিনের সরকারি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
প্রতিবেদন লেখা পর্যন্ত মিছিল ও পথসভায় অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কোনো নেতাকর্মীকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানা গেছে। নাম প্রকাশ না করার শর্তে গাজীপুর জেলা পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তাঁদের অভিযান অব্যাহত রয়েছে।
প্রকাশ্যে এ কর্মসূচি পালনের ঘটনায় শ্রীপুর থানা ও গাজীপুর জেলা পুলিশের নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং দায়িত্ব পালনের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

