Nabadhara
ঢাকাসোমবার , ১২ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দুর্গাপুরে ২৩ মণ্ডপে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় প্রশাসন

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি
অক্টোবর ১২, ২০২৬ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর দুর্গাপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। উপজেলার সাতটি ইউনিয়ন ও একটি পৌরসভায় এবার ২৩টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। পূজা নির্বিঘ্নে উদ্‌যাপনে মণ্ডপগুলোতে প্রস্তুতি নেওয়া হয়েছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ।

আগামী শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হবে এবারের শারদীয় দুর্গোৎসব। শনিবার মহাসপ্তমী, রোববার মহাষ্টমী ও কুমারীপূজা, সোমবার মহানবমী এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ উৎসব। এর আগে বোধনের মধ্য দিয়ে দেবী দুর্গার আবাহন করা হবে।

সনাতন ধর্মীয় পঞ্জিকা অনুযায়ী, এবার দেবী দুর্গা ঘোড়ায় চড়ে মর্ত্যে আগমন করবেন এবং নৌকায় চড়ে স্বর্গলোকে গমন করবেন বলে জানা গেছে।

উৎসবকে কেন্দ্র করে দুর্গাপুর উপজেলার প্রতিটি পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, আনসার-ভিডিপি ও গ্রামপুলিশের সদস্যরা দায়িত্ব পালন করবেন। পাশাপাশি মণ্ডপগুলোতে নজরদারি ও পুলিশের মোবাইল টিমের কার্যক্রম অব্যাহত থাকবে।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার বলেন, পূজামণ্ডপগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। প্রতিটি মণ্ডপে গ্রামপুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের অবস্থান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের মোবাইল টিমের মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগের ব্যবস্থা নেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা বলেন, দুর্গাপুর উপজেলায় ২৩টি মণ্ডপে দুর্গাপূজা উদ্‌যাপনের জন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় প্রস্তুতিমূলক কাজ সম্পন্ন করা হয়েছে। প্রতিটি মণ্ডপ সার্বক্ষণিক পর্যবেক্ষণের পাশাপাশি পূজার নিরাপত্তায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

প্রশাসনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, সবার সহযোগিতায় দুর্গাপুরে শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।