মাদারীপুর প্রতিনিধি
চীনের হেনান প্রদেশ থেকে হাজার হাজার মাইল পাড়ি দিয়ে প্রেমিকার টানে বাংলাদেশে এসেছেন এক যুবক। তাঁকে একনজর দেখতে মাদারীপুরের একটি গ্রামে ভিড় করছেন স্থানীয় মানুষ। চার মাসের পরিচয় থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই বাংলাদেশে আসা। এখন প্রেমিকাকে বিয়ে করতে চান ওই চীনা যুবক। প্রয়োজনে মুসলিম হতেও আগ্রহী তিনি।
এমন ঘটনা ঘটেছে মাদারীপুর সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামে। ওই গ্রামের মোস্তফা বেপারীর কলেজপড়ুয়া মেয়ে হাফিজা আক্তারের সঙ্গে চীনের হেনান প্রদেশের যুবক ওয়াং এরলিংয়ের পরিচয় হয় প্রায় চার মাস আগে। ‘ওয়ার্ল্ড টক’ অ্যাপের মাধ্যমে পরিচয়ের পর নিয়মিত কথাবার্তা ও চ্যাটিংয়ের একপর্যায়ে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। পরে তা প্রেমের সম্পর্কে রূপ নেয়।
সম্পর্কের টানে গত ১৫ অক্টোবর চীন থেকে বাংলাদেশের রাজধানী ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন ওয়াং এরলিং। তাঁর বাংলাদেশে আসার খবর ছড়িয়ে পড়লে চাপাতলী গ্রামে কৌতূহল সৃষ্টি হয়। চীনা যুবককে দেখতে স্থানীয়দের মধ্যে ভিড় জমে।
জানা গেছে, প্রয়োজনীয় কাগজপত্র ও তথ্য যাচাই-বাছাই শেষে হাফিজা আক্তারকে বিয়ে করতে আগ্রহী ওয়াং এরলিং। বিয়ের জন্য তিনি ইসলাম ধর্ম গ্রহণ করতেও চান। বিয়ে শেষে স্ত্রীকে নিয়ে নিজ দেশে ফিরে যাওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
তবে তাঁদের বিয়ের বিষয়ে আনুষ্ঠানিকতা ও পরবর্তী সিদ্ধান্তের বিস্তারিত এখনো জানা যায়নি।

