নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেডের ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে কারখানার হারবাল বিভাগে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের চেষ্টায় বিকেল ৫টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সফিপুর এলাকায় অবস্থিত কারখানাটির হারবাল বিভাগে আগুন লাগে। প্রথমে কারখানার শ্রমিক, কর্মকর্তা ও কর্মচারীরা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। এরপর ভোগরা ও কোনাবাড়ি ফায়ার সার্ভিসের আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৪-এর উপসহকারী পরিচালক মো. হাফিজুর রহমান বলেন, ইবনে সিনার হারবাল বিভাগে আগুন লাগার খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ইউনিটগুলো দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি।
ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের নির্বাহী পরিচালক ও প্ল্যান্টপ্রধান মো. আব্দুল খালেক বলেন, ফায়ার সার্ভিসের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে এসেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণের কাজ চলছে।
এদিকে, গত বুধবার সকালে টঙ্গীর চেরাগআলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল নামের আরেকটি ওষুধ কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনার পর কারখানাটি বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে তিন দিনের ব্যবধানে গাজীপুরের দুটি ওষুধ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ দেখা দিয়েছে।

