আরিফুল হক আরিফ,গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের সাতপাড়ে শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমী উপলক্ষে ঐতিহ্যবাহী মেলা ও বর্ণাঢ্য নৌকা বাইচ আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার সন্ধ্যায় সাতপাড় বাজার সার্বজনীন শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।
প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে আয়োজনটি সম্পন্ন করতে উদ্যোগ নিয়েছে সাতপাড় বাজার কমিটি। সভায় ঐতিহ্য ধরে রাখা এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান আয়োজনের বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সাতপাড় বাজার কমিটির সভাপতি জীবন বিশ্বাস ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কৌশিক কিত্তনীয়া জানান, বিজয়া দশমীর আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে সাতপাড় বাজারসংলগ্ন মধুমতি বিল রুট ক্যানেল নদীতে বর্ণাঢ্য নৌকা বাইচ অনুষ্ঠিত হবে।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাস, ইউনিয়ন যুবদলের সভাপতি কার্তিক বিশ্বাস, বাজার কমিটির সাবেক সভাপতি পালু বিশ্বাস, সাবেক চেয়ারম্যান বাপি বিশ্বাস, ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দীপংকর বিশ্বাস, যুব উন্নয়ন সংঘ ক্লাবের সভাপতি কমলেশ বিশ্বাস, হাট ইজারাদার সেলিম ফকিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় বাসিন্দারা।

