মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের মোল্লাহাটে বাড়ির পাশের পুকুরে পড়ে শ্রদ্ধা রাহা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার গাংনী ইউনিয়নের আন্দিগ্রামে এ ঘটনা ঘটে। নিহত শ্রদ্ধা রাহা ওই গ্রামের সমেশ রাহা ও সুখলা রাহা দম্পতির মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় শিশুটি। বিষয়টি জানতে পেরে তার কাকা তাপস রাহা দ্রুত পুকুরে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। প্রায় চার থেকে পাঁচ মিনিট পর তিনি শিশুটিকে উদ্ধার করেন। পরে তাকে মোল্লাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির পরিবার ও স্বজনদের মধ্যে শোকের মাতম চলছে। পুরো এলাকাতেও শোকের ছায়া নেমে এসেছে।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহাদাৎ হোসেন জানান, পুকুরের পানিতে ডুবে দুই বছর বয়সী শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

