Nabadhara
ঢাকাবুধবার , ২১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় আসছেন প্রধানমন্ত্রী, সুন্দরবন থেকে মোংলা বন্দরের উন্নয়ন সম্ভাবনা দেখবেন

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
অক্টোবর ২১, ২০২৬ ৩:০৩ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা, মোংলা বন্দরের বাণিজ্য সম্প্রসারণ ও নতুন বিনিয়োগের ক্ষেত্র পর্যালোচনা করতে আগামীকাল বৃহস্পতিবার (২২ অক্টোবর) খুলনা ও মোংলা সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণের পাশাপাশি মোংলা বন্দরের জেটি এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনের কথা রয়েছে তাঁর।

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটিই প্রধানমন্ত্রীর প্রথম খুলনা ও মোংলা সফর। তাঁকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এ সফরের মধ্য দিয়ে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সম্ভাবনা উন্মোচিত হবে।

সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার হেলিকপ্টারে হিরণ পয়েন্ট ও সুন্দরবন পর্যবেক্ষণ করবেন প্রধানমন্ত্রী। এরপর দাকোপ উপজেলার নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণের কথা রয়েছে তাঁর। সেখান থেকে কোস্টগার্ডের দ্রুতগতির নৌযানে আকরাম পয়েন্টের উদ্দেশে রওনা হবেন তিনি। তবে দাকোপে তাঁর কোনো প্রশাসনিক বা রাজনৈতিক আনুষ্ঠানিক কর্মসূচি নেই।

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নলিয়ানে প্রস্তুতি নেওয়া হচ্ছে। বিদ্যালয় মাঠসহ সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য ও দায়িত্বশীল ব্যক্তিরা। প্রধানমন্ত্রীকে একনজর দেখতে অপেক্ষায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান বলেন, বৃহস্পতিবার প্রধানমন্ত্রী দাকোপের নলিয়ানে আসবেন। এটি তাঁর সরকারি সফর। সেখানে স্থানীয় কোনো কর্মসূচি নেই। তবে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে জনপ্রতিনিধি ও প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। এলাকার মানুষ তাঁকে একনজর দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বোরহান উদ্দিন মিঠু সফরের বিষয়টি নিশ্চিত করে জানান, সম্ভাব্য সূচি অনুযায়ী প্রধানমন্ত্রী হেলিকপ্টারে নলিয়ান মাধ্যমিক বিদ্যালয় মাঠে অবতরণ করবেন। পরে সেখান থেকে নৌপথে আকরাম পয়েন্টে যাওয়ার কথা রয়েছে তাঁর।

নলিয়ান থেকে নৌপথে মোংলা বন্দরে পৌঁছে নির্ধারিত সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এরপর বন্দরের জেটি পরিদর্শন করবেন তিনি। এ সময় বন্দরের বাণিজ্যিক কার্যক্রম সম্প্রসারণ এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চল ঘিরে বিনিয়োগ ও কর্মসংস্থানের সম্ভাবনা গুরুত্ব পেতে পারে।

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক বিকাশে মোংলা বন্দরের ভূমিকা গুরুত্বপূর্ণ। বন্দরের বাণিজ্যিক সক্ষমতা বৃদ্ধি, পণ্য পরিবহনের সুযোগ সম্প্রসারণ এবং নতুন শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার মাধ্যমে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল করার সুযোগ রয়েছে।

একই সঙ্গে সুন্দরবনকেন্দ্রিক পর্যটন এবং প্রস্তাবিত অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ এ অঞ্চলে কর্মসংস্থানের নতুন ক্ষেত্র তৈরি করতে পারে। সংশ্লিষ্টদের মতে, প্রাকৃতিক সম্পদ, নৌবাণিজ্য ও শিল্পায়নের সম্ভাবনাকে সমন্বিতভাবে কাজে লাগানো গেলে খুলনা, বাগেরহাটসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।

এদিকে আগামী ৫ নভেম্বর আবারও খুলনায় আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। সেদিন খুলনা জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন করার কথা রয়েছে তাঁর।

সুন্দরবনের প্রাকৃতিক সম্পদ থেকে মোংলা বন্দরের বাণিজ্যিক সম্ভাবনা—প্রধানমন্ত্রীর এ সফর ঘিরে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রত্যাশা উন্নয়ন, বিনিয়োগ ও কর্মসংস্থানের নতুন সুযোগ। তবে এসব সম্ভাবনা বাস্তবে রূপ দিতে কার্যকর পরিকল্পনা ও উদ্যোগ বাস্তবায়ন গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।