কচুয়া(বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম ও আদর্শ নিয়ে আলোচনা সভা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আমীর সালমান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় সেমিনারে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ বদরুদ্দোজা, উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো. মাহমুদ হাসান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা রবীন্দ্র নাথ মন্ডল, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, উপজেলা জামায়াতের সাবেক আমির ও সাবেক অধ্যাপক মো. মোস্তাজাবুল হক এবং উপজেলা জামায়াতের আমির মো. রফিকুল ইসলাম।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা, সাম্যবাদ, অসাম্প্রদায়িকতা ও বর্ণাঢ্য জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা বলেন, নজরুলের সাহিত্য ও আদর্শ মানুষকে অন্যায়-অবিচার ও বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং মানবতার পক্ষে কথা বলতে অনুপ্রেরণা জোগায়। নতুন প্রজন্মের মধ্যে কবির অসাম্প্রদায়িক চেতনা ও মানবিক মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কচুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক উজ্জ্বল কুমার দাস, কচুয়া ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ এস এম নাজমুল হুদা মিঞা, পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক সমীর বরন পাইকসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমীর সালমান রনি।

