নওগাঁ প্রতিনিধি
নওগাঁর বদলগাছী উপজেলায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের একটি বাড়ি থেকে ১ হাজার ৯০০ কেজি ভিজিডব্লিউবি চাল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার উপস্থিতিতে এসব চাল উদ্ধার করা হয়।
জানা গেছে, উপজেলার ৫ নম্বর কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন মঙ্গলবার সকাল ১০টা থেকে ভিজিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ শুরু করেন। পরে ডি.জি.এফ.আইয়ের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশের রাস্তার পশ্চিম দিকে সৈকত নামে এক ব্যক্তির বাড়িতে অনুসন্ধান চালানো হয়। এ সময় বাড়িটি থেকে ৫০ কেজি ধারণক্ষমতার ২৬টি প্লাস্টিকের বস্তা ও ৩০ কেজি ধারণক্ষমতার ২০টি পাটের বস্তায় মোট ১ হাজার ৯০০ কেজি চাল পাওয়া যায়।
পরে উদ্ধার করা চাল ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে চেয়ারম্যানের জিম্মায় রাখা হয়। এ বিষয়ে চেয়ারম্যান মো. শাহীনুর ইসলাম স্বপন জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত চালগুলো তাঁর হেফাজতে থাকবে। কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়া চালের ব্যবস্থাপনায় কোনো অনিয়ম হলে এর দায়ভারও তিনি বহন করবেন।
বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান সনি বলেন, উদ্ধার করা চালগুলো সেখানে কীভাবে এসেছে এবং এর সঙ্গে কারা জড়িত, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পরবর্তী সময়ে চালগুলো গরিব-দুঃখীদের মধ্যে বিতরণ করা হবে।

