জামালপুর প্রতিনিধি
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেলে দিবসটি উপলক্ষে জেলা যুবদলের উদ্যোগে শহরের বকুলতলা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সদস্য ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী খায়রুল ইসলাম লিয়নের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি শামীম আহমেদ, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও রেড ক্রিসেন্ট জামালপুর ইউনিটের ভাইস চেয়ারম্যান মাহবুবুর রহমান জিলানী, জেলা জাসাসের সাবেক সভাপতি হাফিজুল ইসলাম সজল এবং জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রানা ম্যানশনসহ অন্যরা।
বক্তারা বলেন, গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এ আন্দোলনে যুবদলের নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তাঁরা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ‘সবার আগে বাংলাদেশ’ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে যুবসমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। দেশের গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

