চারঘাট (রাজশাহী) প্রতিনিধি
মা ইলিশ রক্ষা অভিযানের ২০তম দিনে রাজশাহীর চারঘাটে পদ্মা-বড়াল নদীর মোহনায় যৌথ অভিযান চালিয়ে একটি সুতিজাল উচ্ছেদ এবং ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে চারঘাট নৌ-পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান এবং চারঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এনামুল হকসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পদ্মা ও বড়াল নদীতে মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং অবৈধ জালের ব্যবহার বন্ধের লক্ষ্যে এ অভিযান চালানো হয়। এ সময় নদীতে স্থাপন করা একটি সুতিজাল উচ্ছেদ করা হয়। পাশাপাশি ১৪টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সুতিজাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করা, নদীতে অবৈধ জালের ব্যবহার রোধ এবং মৎস্যসম্পদ সংরক্ষণে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও নৌ-পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

