Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাষ্ট্রপতির সঙ্গে গাকৃবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ২৯, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

রাষ্ট্রপতি ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) আচার্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জে. কে. এম. মোস্তাফিজুর রহমান। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় রাষ্ট্রপতির কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অর্জন, গবেষণা ও উদ্ভাবনে অগ্রগতি, আন্তর্জাতিক পরিমণ্ডলে সাফল্য এবং দেশের কৃষি ও কৃষকের কল্যাণে নেওয়া বিভিন্ন উদ্যোগ সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। বিশ্ববিদ্যালয়ের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা শুনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন এবং দেশের কৃষি খাতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখতে গাকৃবিকে পরামর্শ দেন।

উপাচার্য জানান, গবেষণা, উদ্ভাবন, একাডেমিক উৎকর্ষ ও প্রাতিষ্ঠানিক উন্নয়নে গাকৃবি ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে। দেশের প্রথম ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে প্রতিযোগিতা করে চ্যাম্পিয়ন হওয়ার অর্জন, আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে অবস্থান এবং বৈশ্বিক পরিসরে সাফল্য বিশ্ববিদ্যালয়ের অগ্রযাত্রার প্রতিফলন। পাশাপাশি গবেষণায় অর্থায়ন বৃদ্ধি, শিক্ষার্থীদের আধুনিক সুযোগ-সুবিধা সম্প্রসারণ, একাডেমিক মানোন্নয়ন ও অবকাঠামোগত উন্নয়নেও অগ্রগতি হয়েছে।

উচ্চশিক্ষা ও গবেষণাকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে প্রথমবারের মতো আন্তর্জাতিক সম্মেলন আয়োজন এবং শিল্পপ্রতিষ্ঠানের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কার্যকর সহযোগিতা সম্প্রসারণের উদ্যোগের কথাও তুলে ধরেন উপাচার্য। তিনি বলেন, দেশের খাদ্যচাহিদা পূরণ, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং কৃষির টেকসই উন্নয়নে উপকূলীয় অঞ্চলের উপযোগী ও লবণাক্ততা-সহনশীল ফসলের জাত উদ্ভাবনে গবেষণা জোরদার করা হচ্ছে। পাশাপাশি মাঠপর্যায়ে কৃষিপ্রযুক্তি সম্প্রসারণ, দুটি টেকনোলজি ভিলেজের কার্যক্রম পুনর্বিন্যাস এবং গবেষণালব্ধ উদ্ভাবন কৃষকের কাজে লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের কল্যাণ ও অংশগ্রহণমূলক শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্ব পায়। ২০২৪ সালের জুলাই-পরবর্তী পরিবর্তিত প্রেক্ষাপটে শিক্ষার্থীদের ন্যায্য প্রত্যাশার প্রতি সংবেদনশীল থাকা, তাঁদের মতামতকে গুরুত্ব দেওয়া এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানে বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন উপাচার্য।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. জাহিদুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ মৃধা উপস্থিত ছিলেন।

উপাচার্যের উপস্থাপিত অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপতি গাকৃবিকে দেশের কৃষি, গবেষণা ও উদ্ভাবনের বিকাশে আরও সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন। এ সময় তিনি গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন। আগামী ১৮ মার্চ ২০২৭ বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে সভাপতি হিসেবে উপস্থিত থাকার বিষয়েও তিনি সম্মতি জানিয়েছেন বলে জানানো হয়।

গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগের সেকশন অফিসার মো. রনি ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।