Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ২৯ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

টঙ্গীতে মাদ্রাসাকাণ্ড: শিক্ষকের মুক্তি ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবি

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
অক্টোবর ২৯, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরের টঙ্গীতে মাদ্রাসার এক শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে চুমু দেওয়ার অভিযোগ এবং এর জেরে মাদ্রাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। কারাবন্দি খণ্ডকালীন শিক্ষক মো. মোসলেম উদ্দিনের মুক্তি এবং মাদ্রাসায় হামলা, শিক্ষক-শিক্ষিকাদের মারধর ও ১৭ লাখ টাকা লুটের অভিযোগে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন স্থানীয় আলেম-ওলামা ও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেলে টঙ্গীর সফিউদ্দিন সরকার একাডেমি রোডের সামনে ‘প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদ, গাজীপুর’ ও ‘যুব জমিয়ত বাংলাদেশ, গাজীপুর মহানগর শাখা’র যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও প্রমাণ যাচাইয়ের আগেই কাউকে দোষী সাব্যস্ত করা কিংবা আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়। একই সঙ্গে শিক্ষকের বিরুদ্ধে আনা অভিযোগের নিরপেক্ষ তদন্তের পাশাপাশি মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগও সমান গুরুত্ব দিয়ে তদন্ত করতে হবে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজীপুর প্রাইভেট মাদ্রাসা ঐক্য পরিষদের সভাপতি আব্দুল রশীদ আকন্দ, টঙ্গী পশ্চিম থানা জামায়াতের আমির আনোয়ার হোসেন, মুফতি আমিরুল ইসলাম, আব্দুল করীম নাটোরী, মাওলানা কেরামত আলী, মাদ্রাসাটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ মাওলানা আলমাস হোসেন ও সেলিম হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা অভিযোগ করেন, মাদ্রাসায় অনধিকার প্রবেশ করে শিক্ষক-শিক্ষিকাদের মারধর করা হয়েছে। এ ছাড়া জমি কেনার জন্য রাখা ১৭ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগও রয়েছে। এসব অভিযোগের যথাযথ তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা। একই সঙ্গে শিক্ষক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে দায়ের করা মামলার ন্যায়সংগত নিষ্পত্তি এবং তাঁর মুক্তির বিষয়টি আইন অনুযায়ী বিবেচনার আহ্বান জানান। দাবি পূরণে অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন বক্তারা।

মাদ্রাসা কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, গত ২১ অক্টোবর টঙ্গী পশ্চিম থানাধীন মধ্য আউচপাড়ার ক্বারীউল কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসায় প্রথম শ্রেণির এক ছাত্রীকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। শিশুটির অভিভাবক শাহজালাল রুমি খণ্ডকালীন শিক্ষক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত আচরণের অভিযোগ তোলেন। পরে এ ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসায় হামলা ও ভাঙচুরের অভিযোগ ওঠে।

মাদ্রাসা কর্তৃপক্ষের দাবি, ঘটনার সময় শিক্ষক মোসলেম উদ্দিনকে মারধর করে মাথায় আঘাত করা হয়। প্রতিষ্ঠাতা অধ্যক্ষ, নারী শিক্ষক ও এক বয়স্ক নিরাপত্তাকর্মীকেও মারধর করা হয়েছে বলে অভিযোগ করা হয়। এ ছাড়া জমি কেনার জন্য রাখা ১৭ লাখ টাকা ও কয়েকটি মুঠোফোন নিয়ে যাওয়ার অভিযোগও তুলেছে কর্তৃপক্ষ।

অন্যদিকে, শিশুটির অভিভাবকের অভিযোগের ভিত্তিতে দায়ের করা মামলায় শিক্ষক মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। শিক্ষককে ঘিরে অভিযোগ এবং মাদ্রাসা কর্তৃপক্ষের পাল্টা অভিযোগ—দুটিরই নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

ঘটনার পর মাদ্রাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও পর্যালোচনা নিয়ে আলোচনা তৈরি হয়েছে। মাদ্রাসা কর্তৃপক্ষ দাবি করেছে, তাদের নিজস্ব পর্যালোচনায় অভিযোগের সমর্থনে কোনো দৃশ্য পাওয়া যায়নি। তবে অভিযোগের সত্যতা নির্ধারণে সিসিটিভি ফুটেজ, শিশুর বক্তব্য, সংশ্লিষ্ট ব্যক্তিদের জবানবন্দি ও অন্যান্য আলামত নিরপেক্ষভাবে পর্যালোচনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এদিকে, অভিযোগের ‘প্রাথমিক সত্যতা পাওয়া গেছে’—এমন বক্তব্য গণমাধ্যমে দেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান। নয়া দিগন্তকে তিনি দাবি করেন, এমন বক্তব্য তিনি দেননি এবং তাঁর বক্তব্যের ভিডিও সংরক্ষিত রয়েছে। তাঁর নামে প্রচারিত বক্তব্য কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। তবে এ দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা যায়নি।

ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও পাল্টাপাল্টি অভিযোগ ছড়িয়ে পড়েছে। সংশ্লিষ্টরা বলছেন, যাচাইহীন তথ্য প্রচার না করে তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করা এবং উভয় পক্ষের অভিযোগের নিরপেক্ষ বিচার নিশ্চিত করা জরুরি।

মানববন্ধন থেকে শিক্ষক মোসলেম উদ্দিনের বিরুদ্ধে আনা অভিযোগের সুষ্ঠু নিষ্পত্তি, মাদ্রাসায় হামলা-ভাঙচুরের অভিযোগের তদন্ত এবং প্রমাণের ভিত্তিতে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।