বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জে মাদক কারবার বন্ধ ও মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
রোববার (১ নভেম্বর) বিকেলে বাট্টাজোড় ইউনিয়নের পানাতিয়া এলাকায় স্থানীয়দের উদ্যোগে অভিযুক্ত রোকেয়া বেগমের বাড়ির সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন থেকে এলাকার মাদক কারবারি হিসেবে অভিযুক্ত মজ্জুদ আলী ও রোকেয়া বেগমকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। একই সঙ্গে তিন দিনের মধ্যে মাদক কারবারিদের এলাকা ছাড়ার আলটিমেটাম দেন তাঁরা। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন স্থানীয়রা।
মানববন্ধনে বক্তব্য দেন ইউপি সদস্য আমির হোসেন, বিএনপি নেতা আবদুল আউয়াল মন্টু ও অপূর্ব সিয়াম। এতে নারী-পুরুষ, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে মাদক কারবারিদের গ্রেপ্তারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল বের করেন অংশগ্রহণকারীরা।

