মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার হাওর উপজেলা খালিয়াজুরীতে ধনু নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি নৌকা ও মালামালসহ এক ব্যক্তিকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে তাঁকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার চাকুয়া ইউনিয়নের আসাদপুর ফেরিঘাটসংলগ্ন ধনু নদে এ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অলিদুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় মেন্দিপুর ইউনিয়নের নূরালীপুর গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আনোয়ার হোসেনকে বালু উত্তোলনের নৌকা ও সরঞ্জামসহ আটক করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাঁকে দেড় লাখ টাকা অর্থদণ্ড দেন ইউএনও অলিদুজ্জামান।
ইউএনও অলিদুজ্জামান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। জরিমানার টাকা আদায় এবং মুচলেকা নেওয়ার পর আনোয়ার হোসেনকে নৌকা ও মালামালসহ ছেড়ে দেওয়া হয়েছে।

