শফিকুল ইসলাম সাফা, চিতলমারী
বাগেরহাটের চিতলমারী উপজেলার কাটিপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা হামিদ মোল্লা (৮২) মারা গেছেন। রোববার (১ নভেম্বর) ভোররাতে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
একই দিন বিকেলে কাটিপাড়া মসজিদসংলগ্ন ঈদগাহ মাঠে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।
চিতলমারী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ রাষ্ট্রের পক্ষে সালাম গ্রহণ করেন। এ সময় জাতীয় পতাকা দিয়ে মরদেহ আচ্ছাদিত করা হয়। চিতলমারী থানা পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বিউগলে করুণ সুর বাজানো হয় এবং এক মিনিট নীরবতা পালন করা হয়।
গার্ড অব অনার অনুষ্ঠানে চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জে এম মাসুম, বীর মুক্তিযোদ্ধা আবু তালেব শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, পাঁচ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

