নওগাঁ প্রতিনিধি
নওগাঁর রাণীনগরে সরকারি সড়কের জায়গা দখল করে দোকানপাট নির্মাণের অভিযোগ উঠেছে করজগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তাঁর ভাইয়ের বিরুদ্ধে। উপজেলার খাঁনপুকুর বাজারে সড়কের পাশের সরকারি জায়গা দখল করে প্রায় ৮ থেকে ১০টি দোকানঘর নির্মাণের অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে। এসব দোকান প্রায় ১৭ বছর ধরে ভোগদখল ও ভাড়া দিয়ে ব্যবসা পরিচালনা করা হচ্ছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীনগর থেকে খাঁনপুকুর হয়ে আবাদপুকুর ও কালীগঞ্জ পর্যন্ত প্রায় ২২ কিলোমিটার সড়কের খাঁনপুকুর বাজারের উত্তর পাশে করজগ্রাম মৌজায় সরকারি সড়কের জায়গা রয়েছে। অভিযোগ, বিগত সময়ে ওই জায়গার বেশ কিছু অংশ দখল করে ইটের ও টিনশেডের দোকানঘর নির্মাণ করেন প্রধান শিক্ষক আব্দুল আজিজ ও তাঁর ভাই। সরকারি অনুমতি ছাড়াই এসব স্থাপনা নির্মাণ করা হয়েছে বলে দাবি স্থানীয়দের।
স্থানীয় কয়েকজনের অভিযোগ, নির্মিত দোকানঘরগুলো বিভিন্ন ব্যক্তির কাছে ভাড়া দিয়ে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে ব্যবহার করা হচ্ছে। এতে সরকারি জায়গা ব্যক্তিগতভাবে ব্যবহৃত হলেও সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ ছাড়া অবৈধ স্থাপনা নির্মাণের প্রতিবাদ করায় স্থানীয় কয়েকজনকে হয়রানির অভিযোগও করেছেন তাঁরা। এ বিষয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে মৌখিক ও লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয়রা।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, সরকারি সড়কের জায়গা দখল করে দোকানঘর নির্মাণ করা হয়েছে। দীর্ঘদিন ধরে এসব স্থাপনা ভাড়া দিয়ে আয় করা হচ্ছে। তাঁরা দ্রুত তদন্ত করে সরকারি সম্পত্তি উদ্ধার এবং অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবি জানান।
তবে অভিযোগ অস্বীকার করে প্রধান শিক্ষক আব্দুল আজিজ বলেন, সড়কের পাশে থাকা দোকানগুলোর মধ্যে একটি ছাড়া বাকি সব দোকান তাঁদের পৈত্রিক জমিতে নির্মিত। শুধু একটি দোকানের কিছু অংশ সরকারি নকশায় পড়েছে। একটি প্রতিষ্ঠান নিয়ে বিরোধের জেরে কয়েকজন ব্যক্তি তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করছেন।
এ বিষয়ে রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাকিবুল হাসান বলেন, স্থানীয় কয়েকজন ওই দোকানগুলোর বিষয়ে মৌখিক অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

