কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের কচুয়ায় সিডর, আইলাসহ বিভিন্ন প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে নিহত ও ক্ষতিগ্রস্ত মৎস্যজীবী পরিবারগুলোর পুনর্বাসন ও আর্থিক সহায়তার দাবি জানানো হয়েছে। এ দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত আবেদন জমা দিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এ দাবি জানানো হয়।
সকাল ১১টায় জাতীয় মৎস্যজীবী সমিতি ও জাতীয় মৎস্যজীবী পরিবার কচুয়া উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। জাতীয় মৎস্যজীবী সমিতির বাগেরহাট জেলা সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত ৪৭টি মৎস্যজীবী পরিবারের সদস্যরা অংশ নেন। তাঁরা নিজেদের দীর্ঘদিনের দুর্দশা ও ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে আর্থিক সহায়তার আবেদন করেন।
সভায় উপস্থিত ছিলেন জাতীয় মৎস্যজীবী সমিতির কচুয়া উপজেলা আহ্বায়ক মো. মোতালেব হোসেন, যুগ্ম আহ্বায়ক ফারুক মোল্লা ও গোলাম মোস্তফা এবং সদস্য সচিব আবু বকর মোল্লাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
বক্তারা বলেন, সিডর ও আইলার মতো প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে বহু মৎস্যজীবী পরিবার সর্বস্বান্ত হয়েছে। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অনেক পরিবার এখনো সেই ক্ষতি কাটিয়ে উঠতে পারেনি। ক্ষতিগ্রস্ত ও নিহত মৎস্যজীবী পরিবারের জীবনমান উন্নয়নে দ্রুত সরকারি আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।

