কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামে এ ঘটনা জানাজানি হলে দুই পরিবারসহ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) ও জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা। সকালে পরিবারের সদস্যরা বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট পড়ে থাকতে দেখেন। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয়রা।
বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’
অন্যদিকে মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’
মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চাননি তিনি। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে থানায় এসেছেন জানিয়ে তিনি বলেন, বাচ্চু মালিথাও তাঁর সঙ্গে রয়েছেন।
ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা শুনেছেন। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান বলেন, তাঁরা এমন ঘটনার খবর পেয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

