শফিকুল ইসলাম সাফা,চিতলমারী
বাগেরহাটের চিতলমারীতে অভিযান চালিয়ে পাখি শিকারের ফাঁদ ও সুতা উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করেছে উপজেলা প্রশাসন। এ সময় প্রায় ৮ কেজি পাখি শিকারের ফাঁদ ও সুতা জব্দ করা হয়।
মঙ্গলবার (১০ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চিতলমারী সদর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খাদিজা আক্তার। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নাঈম আশরাফ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার শ্রীরামপুর, ডুমুরিয়া, বারাশিয়া ও কলিগাতী এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ ফাঁদ পেতে বিভিন্ন প্রজাতির দেশীয় ও পরিযায়ী পাখি শিকার করে আসছেন শিকারিরা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে।
ইউএনও খাদিজা আক্তার জানান, এলাকায় পাখি শিকারের ফাঁদ তৈরির খবর পেয়ে অভিযান চালানো হয়। এ সময় ৮ কেজি ফাঁদ ও সুতা জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। পাখি শিকার দণ্ডনীয় অপরাধ। এ বিষয়ে জনসচেতনতা তৈরিতে এলাকায় মাইকিং করা হবে। এরপরও কেউ ফাঁদ তৈরি বা পাখি শিকারের সঙ্গে জড়িত থাকলে তাঁর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

