গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দে বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে আশিকুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর দোকান থেকে ১৩ বস্তা সার জব্দ করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার উজানচর ইউনিয়নের নতুন ব্রিজসংলগ্ন মেসার্স নজরুল এন্টারপ্রাইজ নামের সারের দোকানে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুনতাসির হাসান খান। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সৈয়দ রায়হানুল হায়দার উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বৈধ ডিলারশিপ ছাড়া সার বিক্রির দায়ে সার (ব্যবস্থাপনা) আইন, ২০০৬-এর ১২(১) ধারা লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১২(৩) ধারা অনুযায়ী ব্যবসায়ী আশিকুল ইসলামকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে তাঁকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার বলেন, ডিলারশিপ ছাড়া কৃষি উপকরণ বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। উজানচর নতুন ব্রিজ এলাকায় ডিলারশিপ ছাড়া কৃষি উপকরণ বিক্রির দায়ে ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

