গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলায় ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ উপলক্ষে সুধী সমাবেশ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুরে উপজেলার হোসনাবাদ বাইতুল নাজাত জামে মসজিদ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির আহ্বায়ক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। প্রধান আলোচক হিসেবে বয়ান পেশ করেন গৌরনদীর পীর সাহেব হযরত ক্বারী আ. আজিজ (দা. বা.)। বিশেষ আলোচক ছিলেন সাভারের বিপিটিসি জামে মসজিদের পেশ ইমাম হযরত মাওলানা আশরাফ উজ্জামান।
হযরত মাওলানা মো. ওসমান গণীর সভাপতিত্বে অনুষ্ঠিত সুধী সমাবেশে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক আনিছুর রহমান, সরিকল ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোস্তাফিজুর রহমান বাশার, উপজেলা জামায়াতের সেক্রেটারি বাইজীদ শরীফ, চাঁদশী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মুহীদ শরীফ ও সাবেক ছাত্রনেতা জাবির হোসেন জুয়েল প্রমুখ।
মিলাদ মাহফিলে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও এতিমখানার সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে ‘পশ্চিম হোসনাবাদ ফিরোজা কেরাতুল কুরআন এতিমখানা ও মাদ্রাসা’র ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

