খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
মেরুদণ্ডের অস্ত্রোপচার শেষে চিকিৎসা নিয়ে দেশে ফিরেছেন নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মালয়েশিয়া থেকে একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি।
স্থানীয় নেতৃবৃন্দ ও পারিবারিক সূত্রে জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে গত ১১ নভেম্বর মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে তাঁর মেরুদণ্ডে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচার সফল হওয়ায় বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ রয়েছেন বলে জানিয়েছে তাঁর পরিবার।
এ সময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে, ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলীসহ পরিবারের ঘনিষ্ঠ সদস্যরা।
বাবরের দেশে ফেরার খবর পেয়ে খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টুসহ স্থানীয় নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত হন। রাত আনুমানিক ১টা ১০ মিনিটে তাঁরা বাবরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাবর মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং নির্বাচনী এলাকার মানুষের খোঁজখবর নেন। পাশাপাশি এলাকাবাসীকে সালাম জানিয়ে সবার কাছে দোয়া কামনা করেন।
খালিয়াজুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুবুর রহমান তালুকদার কেষ্টু বলেন, ‘আমাদের এমপি লুৎফুজ্জামান বাবর মহোদয় শারীরিকভাবে সুস্থ আছেন। কয়েক দিন নিজ বাসায় বিশ্রাম নেওয়ার পর তিনি আবারও নির্বাচনী এলাকার মানুষের সঙ্গে দেখা করতে এলাকায় আসবেন।’
তিনি আরও বলেন, দীর্ঘ রাজনৈতিক জীবনের সংগ্রাম, ত্যাগ ও প্রতিকূলতা পেরিয়ে মানুষের হৃদয়ে স্থান করে নেওয়া এই নেতা চিকিৎসা শেষে সুস্থভাবে ফিরে এসেছেন। তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণময় জীবন কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করছি।

