অশোক মুখার্জি, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কুয়াকাটার দক্ষিণ-পূর্বে সাগরবক্ষে জেগে ওঠা চর বিজয় এখন পাখি ও লাল কাঁকড়ার অন্যতম বিচরণক্ষেত্র। তবে পর্যটক ও জেলেদের অবাধ বিচরণ, সূক্ষ্ম ফাঁসের জাল এবং নির্বিচারে মাছের রেণু পোনা শিকারের কারণে হুমকির মুখে পড়েছে চরটির জীববৈচিত্র্য। পাখি ও লাল কাঁকড়ার নিরাপদ আবাসস্থল রক্ষায় দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশকর্মীরা।
স্থানীয় জেলেদের কাছে ‘হাইরেরচর’ নামে পরিচিত চর বিজয়ের অবস্থান কুয়াকাটা সমুদ্রসৈকত থেকে প্রায় ২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ দিকে। প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ ও আড়াই কিলোমিটার প্রস্থের এ চরটি প্রায় ১০ বছর আগে জেগে ওঠে। একসময় বর্ষায় জোয়ারের পানিতে ডুবে থাকলেও বর্তমানে বছরের অধিকাংশ সময় চরটি দৃশ্যমান থাকে। শীত মৌসুমে পুরো চর চলাচলের উপযোগী হয়ে ওঠে। এখানে জন্মেছে বিভিন্ন প্রজাতির গুল্ম ও লতাপাতা। বেড়ে উঠছে ঝাউ ও গোলগাছও।
চরটিতে মানুষের আনাগোনা না থাকলে হাজার হাজার পাখি ও লাখো লাল কাঁকড়ার বিচরণে এক অনন্য প্রাকৃতিক পরিবেশ তৈরি হয়। লাল কাঁকড়ার চলাচলে বেলাভূমি লালচে রং ধারণ করে। কিন্তু পর্যটক ও জেলেদের অবাধ বিচরণে সেই প্রাকৃতিক পরিবেশ ক্রমেই বিঘ্নিত হচ্ছে। পর্যটকদের কেউ কেউ লাল কাঁকড়াকে ধাওয়া করছেন, পাখিদের উত্যক্ত করছেন। অন্যদিকে জেলেদের ব্যবহৃত সূক্ষ্ম ফাঁসের জালে আটকে মারা পড়ছে পাখি। চরটির চারপাশে জাল দিয়ে ঘেরাও করে মাছের রেণু পোনা শিকারের অভিযোগও রয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এসব পরিবেশবিধ্বংসী কর্মকাণ্ড দীর্ঘদিন ধরে চললেও কার্যকর নজরদারি নেই। কলাপাড়া উপজেলা প্রশাসন, বন বিভাগ ও মৎস্য বিভাগের পক্ষ থেকেও নিয়মিত তদারকির ঘাটতি রয়েছে। মাঝেমধ্যে নৌ-পুলিশ রেণু পোনা শিকার বন্ধে অভিযান চালালেও তা পর্যাপ্ত নয়।
জেলেদের ভাষ্য, চরটির গভীর অংশে বর্ষা মৌসুমে প্রচুর ইলিশসহ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ পাওয়া যায়। এ কারণে সেখানে ট্রলার নিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণের অভিযোগ রয়েছে। গত এক যুগে প্রভাবশালী ট্রলার মালিকদের কাছ থেকে নিয়ন্ত্রক গোষ্ঠীকে মোটা অঙ্কের টাকা দেওয়ার জনশ্রুতিও রয়েছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি। ২০২১ সালে পায়রা বন্দরের ক্যাপিটাল ড্রেজিংয়ের পর এ এলাকায় মাছের প্রাপ্যতা কমেছে বলেও দাবি করছেন জেলেরা।
পরিবেশ সংগঠক কেএম বাচ্চু বলেন, চর বিজয় পাখি ও লাল কাঁকড়ার গুরুত্বপূর্ণ আবাসস্থল। তাই এখানে পর্যটকদের বিচরণের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করা প্রয়োজন। পর্যটকেরা নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে জীববৈচিত্র্য উপভোগ করবেন, এমন ব্যবস্থা করতে হবে। সূক্ষ্ম ফাঁসের জাল ব্যবহার, লাল কাঁকড়া ধাওয়া এবং পাখিদের বিরক্ত করা সম্পূর্ণ বন্ধ করতে হবে। অন্যথায় চরটির প্রাকৃতিক আকর্ষণ নষ্ট হয়ে যাবে। পাশাপাশি চরটি বনায়নের উপযোগী কি না, তা নিয়েও বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান মনি বলেন, চর বিজয়ের পাখি, লাল কাঁকড়া ও সামগ্রিক পরিবেশ-প্রতিবেশ রক্ষায় পরিবেশবাদীদের পরামর্শ নিয়ে পরিকল্পিত উদ্যোগ নিতে হবে। চরটিকে পাখির অভয়ারণ্য হিসেবে ঘোষণা করে ইকোট্যুরিজমের আওতায় সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা প্রয়োজন। এ জন্য সরকারি উদ্যোগ জরুরি।
কুয়াকাটা সি-বিচ ম্যানেজমেন্ট কমিটির সদস্যসচিব ও কলাপাড়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুজ্জামান বলেন, চর বিজয়ে পর্যটকদের অত্যন্ত সতর্কতার সঙ্গে বিচরণ করতে হবে। পাখি, লাল কাঁকড়া কিংবা প্রাকৃতিক পরিবেশের কোনো ধরনের ক্ষতি করা যাবে না। বোটে সাউন্ড সিস্টেম ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নে ট্যুর গাইডদেরও বলা হয়েছে। পাখি রক্ষায় মাছ ধরার বেড়জাল বন্ধ করতে নৌ-পুলিশ ও ট্যুরিস্ট পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে। এ ছাড়া রাতে কেউ যাতে চরে অবস্থান করতে না পারে, সে বিষয়েও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এদিকে চর বিজয়ে পর্যটকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে জেলেদের মধ্যে। তাঁদের মতে, দিনের বেলায় ছাড়া সেখানে ভ্রমণ ঝুঁকিপূর্ণ হতে পারে। প্রায় দুই বছর আগে চরটিতে জেলেদের ট্রলারে জলদস্যুদের হামলা ও লুটপাটের ঘটনাও ঘটেছিল। তাই পর্যটকদের বিচরণ বাড়ানোর আগে নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্যের কারণে চর বিজয়কে ঘিরে কুয়াকাটা ও গঙ্গামতির মতো পর্যটনকেন্দ্র গড়ে ওঠার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পর্যটন সম্ভাবনা কাজে লাগাতে গিয়ে যেন প্রকৃতি ধ্বংস না হয়, সে বিষয়ে এখনই কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সংশ্লিষ্টদের মতে, পরিকল্পিত সংরক্ষণ, নিয়মিত নজরদারি ও পরিবেশবান্ধব পর্যটন ব্যবস্থাপনা নিশ্চিত করা গেলে চর বিজয় হয়ে উঠতে পারে দেশের অন্যতম আকর্ষণীয় প্রাকৃতিক পর্যটনকেন্দ্র।

