খালিয়াজুরী(নেত্রকোনা)প্রতিনিধি
নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে। বুধবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার একটি হাসপাতালে তাঁর অস্ত্রোপচার করা হয়।
বুধবার রাত আনুমানিক ১০টার দিকে তাঁর ফেসবুক আইডির প্রেস উইংয়ের মাধ্যমে অস্ত্রোপচার সফল হওয়ার বিষয়টি জানানো হয়।
প্রেস উইংয়ের দেওয়া তথ্যমতে, বর্তমানে তিনি মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিকেল সেন্টারে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রয়েছেন। অস্ত্রোপচারের সময় তাঁর সহধর্মিণী তাহমিনা জামান, ছেলে, ব্যক্তিগত সহকারী (পিএস) হায়দার আলীসহ পরিবারের ঘনিষ্ঠজনেরা উপস্থিত ছিলেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, লুৎফুজ্জামান বাবরের দ্রুত আরোগ্য কামনায় নেত্রকোনা-৪ আসনসহ দেশের বিভিন্ন প্রান্তের মানুষ যে দোয়া, ভালোবাসা ও শুভকামনা জানিয়েছেন, তার জন্য তাঁরা কৃতজ্ঞ। সবার আন্তরিকতা ও সমর্থন তাঁর সুস্থতার পথে বড় শক্তি হিসেবে কাজ করবে বলে জানিয়েছে পরিবার।
এদিকে পরিবারের পক্ষ থেকে মহান আল্লাহর কাছে তাঁর দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করা হয়েছে। একই সঙ্গে সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

