সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি
বাগেরহাটে ৪১টি ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ৪৯ লাখ ৫০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করেছে জেলা পরিষদ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় জেলা পরিষদের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে এসব চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চেক বিতরণ করেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আবু রিয়াজ, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু, সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ জেলা পরিষদের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ মো. জাকির হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে বিভিন্ন প্রতিষ্ঠানে সরকারি অর্থ বরাদ্দ দেওয়া হচ্ছে। কোন প্রতিষ্ঠান প্রকৃত অর্থে আর্থিক সহায়তা প্রয়োজন, তা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, সরকারি অর্থ যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায় এবং বরাদ্দের যথাযথ ব্যবহার নিশ্চিত হয়, সে বিষয়ে জেলা পরিষদ গুরুত্ব দিচ্ছে। স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রেখে এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
জেলা পরিষদের এ আর্থিক সহায়তা সংশ্লিষ্ট ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বিভিন্ন কার্যক্রম পরিচালনা এবং অবকাঠামোগত উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিরা। পাশাপাশি তাঁরা এ ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

