খালিয়াজুরী (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের দুই দিন পর সুরমা নদী থেকে অদ্বৈত্য সরকার আদিত্য (৫৫) নামে এক শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদপুর গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সুরমা নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয়রা। পরে স্বজনেরা এসে তাঁর পরিচয় শনাক্ত করেন।
অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর মঙ্গলবার রাতে সুনামগঞ্জের শাল্লা উপজেলার সাতপাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ হন তিনি। রাত আনুমানিক ১১টার পর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সদস্যরা তাঁর কোনো খোঁজ পাচ্ছিলেন না। পরদিন ১৮ নভেম্বর তাঁর ছেলে তন্ময় সরকার নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাবার নিখোঁজের বিষয়ে পোস্ট দেন। এরপর স্বজন ও স্থানীয়রা তাঁকে খোঁজাখুঁজি শুরু করেন।
খবর পেয়ে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসির উদ্দিন পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি পুলিশ পাহারায় নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
ওসি মো. নাসির উদ্দিন জানান, মরদেহ উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ফলাফলের অপেক্ষা করতে হবে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

