Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঘূর্ণিঝড়ের প্রভাবে উত্তাল সাগর, দুবলারচরে দুই দিন ধরে মাছ ধরা বন্ধ

Link Copied!

নজরুল ইসলাম আকন, শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৈরী আবহাওয়ার কবলে পড়েছেন সুন্দরবনের দুবলারচরের শুঁটকিকরণ জেলেরা। সাগর উত্তাল ও ঝড়ো বাতাসের সঙ্গে বৃষ্টিপাত হওয়ায় গত দুই দিন ধরে মাছ ধরা বন্ধ রেখেছেন তাঁরা। নিরাপত্তার জন্য নৌকা ও ট্রলার নিয়ে সুন্দরবনের বিভিন্ন খালে আশ্রয় নিয়েছেন জেলেরা। অন্যদিকে, বৃষ্টিতে ভিজে নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে শুঁটকির জন্য শুকাতে দেওয়া মাছ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে দুবলার আলোরকোল থেকে দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. কামাল উদ্দিন আহমেদ মুঠোফোনে জানান, গত দুই দিন ধরে সাগরে বৈরী আবহাওয়া বিরাজ করছে। ঝড়ো বাতাসের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এ কারণে জেলেরা সাগরে মাছ ধরতে যেতে পারছেন না। তাঁরা নৌকা ও ট্রলার নিয়ে আলোরকোল, মেহেরআলী, শেলারচর ও মাঝেরকেল্লা এলাকার খালে নিরাপদ আশ্রয়ে রয়েছেন।

তিনি আরও জানান, দুই দিন আগে সাগর থেকে ধরে আনা মাছ শুকানোর জন্য দেওয়া হয়েছিল। কিন্তু বৃষ্টিতে সেসব মাছ ভিজে গেছে। আবহাওয়া দ্রুত স্বাভাবিক না হলে মাছ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। চলতি শুঁটকি মৌসুমের শুরুতেই জেলেরা দুই দফা বৈরী আবহাওয়ার মুখে পড়েছেন।

আলোরকোলের রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, মৌসুমের শুরুতে দুই দফা দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে জেলেরা সাগরে মাছ ধরতে পারেননি। এতে তাঁরা আর্থিক ক্ষতির মুখে পড়েছেন। গত দুই দিনের বৃষ্টিতে অনেক জেলের কাঁচা মাছ ভিজে নষ্ট হয়েছে।

সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দুবলা ফরেস্ট টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্ট রেঞ্জার মো. খলিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে। গত দুই দিন ধরে দুবলারচরের জেলেরা মাছ ধরতে যেতে পারেননি। বর্তমানে দুবলারচর এলাকায় ১০ হাজারের বেশি জেলে অবস্থান করছেন।

বৈরী আবহাওয়ার কারণে মাছ ধরা বন্ধ থাকায় একদিকে যেমন জেলেদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে, অন্যদিকে শুকাতে দেওয়া মাছ নষ্ট হওয়ার আশঙ্কায় তাঁদের লোকসানের পরিমাণ আরও বাড়ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।