Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১৯ নভেম্বর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নিয়োগপ্রাপ্ত নন, তবুও সরকারি ট্যাব নিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ—দায়িত্ব দিলেন কে?

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি
নভেম্বর ১৯, ২০২৬ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

মো. ইব্রাহীম মিঞা, দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরের বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সরকারের ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহ কার্যক্রমে নিয়োগপ্রাপ্ত ব্যক্তির পরিবর্তে অন্য একজনের কাজ করার অভিযোগ উঠেছে। শামীম হোসেন নামের এক ব্যক্তিকে সরকারি ট্যাব ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করতে দেখা গেলেও উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানিয়েছেন, তিনি এ প্রকল্পের নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী নন। ফলে নিয়োগপ্রাপ্ত না হয়েও তিনি কীভাবে সরকারি ট্যাব পেলেন এবং কার অনুমতিতে তথ্য সংগ্রহ করছেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

 

বুধবার (১৮ নভেম্বর) সকালে পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে সরেজমিনে তথ্য সংগ্রহের সময় শামীম হোসেনকে সরকারি ট্যাব ব্যবহার করে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে দেখা যায়। পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ওই ওয়ার্ডের তথ্য সংগ্রহকারী হিসেবে পরিচয় দেন। এ বিষয়ে তাঁর ভিডিও বক্তব্যও রয়েছে। এ সময় তথ্য সংগ্রহের কাজে বিভিন্ন সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের দায়িত্বে রয়েছেন মাকছুদা খাতুন ও আইরিন আক্তার স্বর্ণা। ওই ওয়ার্ডের তথ্য সংগ্রহকারীদের সুপারভাইজার মো. সামস বিষয়টি নিশ্চিত করেছেন। তবে মাকছুদা খাতুনের নির্ধারিত এলাকায় তাঁর পরিবর্তে শামীম হোসেনকে তথ্য সংগ্রহ করতে দেখা যায়।

সরকারি ট্যাবটি শামীম হোসেন কীভাবে পেলেন, তা জানতে মাকছুদা খাতুনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ট্যাবটি তিনিই শামীম হোসেনকে দিয়েছেন এবং তাঁরা দুজন একসঙ্গে তথ্য সংগ্রহের কাজ করছেন। তবে সরেজমিনে তথ্য সংগ্রহের সময় মাকছুদা খাতুনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

অন্যদিকে, বিরামপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল আউয়ালের কাছে শামীম হোসেনের ছবি দেখিয়ে তাঁর নিয়োগের বিষয়ে জানতে চাইলে তিনি নিশ্চিত করেন, শামীম হোসেন ফ্যামিলি কার্ড প্রকল্পের নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী নন। দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি নিজে কাজ করতে না পারলে কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান তিনি।

এদিকে, তথ্য সংগ্রহের দায়িত্বে থাকা মাকছুদা খাতুনের রাজনৈতিক পরিচয় নিয়েও আলোচনা রয়েছে। তিনি বিরামপুর পৌর মহিলা দলের যুগ্ম আহ্বায়িকা। তবে তাঁর রাজনৈতিক পরিচয়ের কারণে নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রভাব পড়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ প্রক্রিয়া নিয়েও স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, নিয়োগের ক্ষেত্রে ভাইভা ও যাচাই-বাছাই প্রক্রিয়া রাত আনুমানিক ১টা পর্যন্ত চলে। তবে স্থানীয় কয়েকজনের অভিযোগ, দীর্ঘ যাচাই-বাছাইয়ের পরও চূড়ান্তভাবে দায়িত্বপ্রাপ্তদের তালিকায় দলীয় নেতাকর্মীদের প্রাধান্য দেখা গেছে। নিয়োগের ক্ষেত্রে কী যোগ্যতা ও মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং চূড়ান্ত তালিকা কীভাবে প্রস্তুত করা হয়েছে, তা প্রকাশের দাবি জানিয়েছেন তাঁরা।

জানা গেছে, বিরামপুর পৌরসভায় ফ্যামিলি কার্ড প্রকল্পের তথ্য সংগ্রহের জন্য মোট ২১ জন তথ্য সংগ্রহকারী ও দুজন সুপারভাইজার রয়েছেন।

ফ্যামিলি কার্ড সরকারের একটি গুরুত্বপূর্ণ জনকল্যাণমূলক উদ্যোগ। এ প্রকল্পে উপকারভোগীদের তথ্য সংগ্রহ ও তালিকা প্রণয়নে নির্ভুলতা, স্বচ্ছতা এবং ব্যক্তিগত তথ্যের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। তাই নির্ধারিত ও প্রশিক্ষণপ্রাপ্ত তথ্য সংগ্রহকারীদের মাধ্যমেই কার্যক্রম পরিচালিত হচ্ছে কি না, তা তদারকির দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি জানান, বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।