আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়ায় একটি বেসরকারি এনজিওর বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক জেমস মৃদুল হালদার।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার রাজিহার গ্রামের আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্রে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জেমস মৃদুল হালদার অভিযোগ করেন, আগৈলঝাড়া উপজেলার আস্কর গ্রামের এলিও বিশ্বাসের ছেলে কল্লোল বিশ্বাস বিভিন্ন দপ্তরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর বক্তব্য প্রচার করছেন। এতে দীর্ঘদিনের প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ন হচ্ছে।
তিনি বলেন, আলোশিখা রাজিহার সমাজ উন্নয়ন কেন্দ্র ৪২ বছর ধরে সুনামের সঙ্গে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ সময়ে বিভিন্ন দুর্যোগে প্রতিষ্ঠানটির মাধ্যমে এলাকার হতদরিদ্র মানুষকে সহযোগিতা করা হয়েছে। তবে কল্লোল বিশ্বাস বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালিয়ে প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করছেন বলে তিনি অভিযোগ করেন।
জেমস মৃদুল হালদার আরও জানান, এসব অপপ্রচারের বিরুদ্ধে কল্লোল বিশ্বাসের নামে আদালতে মামলা দায়ের করেছেন। এ ধরনের অপপ্রচারের বিরুদ্ধে এলাকার সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তবে এ বিষয়ে অভিযুক্ত কল্লোল বিশ্বাসের বক্তব্য পাওয়া যায়নি।

