শারমিন সুলতানা, পলাশ (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদীর পলাশে গ্রামীণ ব্যাংকের একটি শাখা লক্ষ্য করে চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে গেলেও স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত পৌনে ১১টার দিকে পলাশ উপজেলার জিনারদী ইউনিয়নের বারারচর গ্রামে অবস্থিত গ্রামীণ ব্যাংকের জিনারদী শাখায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, দুর্বৃত্তরা ব্যাংকের শাখা লক্ষ্য করে অন্তত চারটি পেট্রোল বোমা নিক্ষেপ করে। এতে ব্যাংকের কয়েকটি স্থানে আগুন ধরে যায়। আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তা নেভানোর চেষ্টা করেন।
ব্যাংকের নৈশপ্রহরী আফাজউদ্দিন বলেন, ঘটনার সময় তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ একটি শব্দ শুনতে পান। পরে পোড়া গন্ধ পেয়ে গেট খুলে বাইরে এসে আগুন দেখতে পান। এরপর ব্যাংকের কর্মকর্তাকে ডেকে এনে পানি দিয়ে আগুন নেভানো হয়। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, তা তিনি দেখতে পাননি।
জিনারদী শাখার ব্যবস্থাপক সুমি জানান, পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় ব্যাংকের ভেতরে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তাকর্মীদের সহযোগিতায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় পলাশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
খবর পেয়ে রাতেই পলাশ থানা-পুলিশের একটি টহল দল ঘটনাস্থল পরিদর্শন করে। তবে কারা এবং কী উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

